চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশ করা হবে। ফল প্রকাশের বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর, সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়।
