আবার শুরু হচ্ছে ডিভি লটারির আবেদন, নির্ধারিত সময় ১ নভেম্বর

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি-২০২৭-এর নিবন্ধনপ্রক্রিয়া চালু করতে দেশটির পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে। তবে নিবন্ধনের চূড়ান্ত তারিখ ও নিয়মাবলি আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা গত ১৪ অক্টোবর এ বিষয়ে প্রাথমিক নিষেধাজ্ঞার আদেশ দেন। পরে সময়সীমা সংশোধন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, নিবন্ধন কমপক্ষে ৩০ দিন চালু রাখতে হবে। নির্বাচিত প্রার্থীদের জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে যেসব দেশ থেকে তুলনামূলক কম মানুষ অভিবাসন করেন, সেসব দেশের যোগ্য নাগরিকদের জন্য এ কর্মসূচি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার একটি পথ।

কেন বিলম্ব হয়েছে

২০২৭ অর্থবছরের ডিভি লটারির নিবন্ধন ২০২৫ সালের শরৎকালে শুরু হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আবেদন শুরুর তারিখ ঘোষণা করেনি। ২০২৫ সালের নভেম্বরে দপ্তরটি আবেদনপ্রক্রিয়ায় কিছু পরিবর্তনের কথা জানিয়ে পরে নিবন্ধনের সময়সূচি প্রকাশের আশ্বাস দিয়েছিল। কিন্তু দীর্ঘ সময়েও আবেদন গ্রহণ শুরু না হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।

রেড ঈগল ল নামের একটি অভিবাসন আইন প্রতিষ্ঠান এ বিষয়ে মামলা করে। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, নিবন্ধন চালু না করায় কংগ্রেস অনুমোদিত কর্মসূচি কার্যত বন্ধ হয়ে রয়েছে। মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে পক্ষ করা হয়।

সরকারের যুক্তি ছিল, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নিবন্ধন শুরু করলে কর্মসূচির নিয়মকানুন নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তবে আদালত নিবন্ধন চালুর নির্দেশ দেন। পরে সরকারের পক্ষ ও মামলাকারী প্রতিষ্ঠান যৌথভাবে সময়সীমা সংশোধনের আবেদন জানালে আদালত তা অনুমোদন করেন।

বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি

ডিভি লটারিতে আবেদন করার যোগ্যতা প্রতিবছর দেশভিত্তিক তালিকার ওপর নির্ভর করে। সর্বশেষ প্রকাশিত ডিভি-২০২৬ কর্মসূচিতে বাংলাদেশ জন্মদেশ হিসেবে যোগ্য ছিল না। তবে ডিভি-২০২৭-এর চূড়ান্ত যোগ্য দেশের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত বাংলাদেশিরা এবার আবেদন করতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আবেদন শুরুর তারিখ, যোগ্যতা এবং প্রয়োজনীয় নির্দেশনা জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সরকারি ওয়েবসাইট অনুসরণ করতে হবে। ডিভি লটারির আবেদন গ্রহণ শুরু হয়েছে—এমন দাবি করা অননুমোদিত ওয়েবসাইট বা দালালের মাধ্যমে ব্যক্তিগত তথ্য কিংবা অর্থ লেনদেন করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আদালতের নির্দেশে ডিভি-২০২৭ লটারির নিবন্ধন চালুর পথ তৈরি হলেও নির্ধারিত সময়সূচি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগ্রহীদের আবেদন শুরুর আগে সরকারি ঘোষণা যাচাই করে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *