গাড়ি কারখানায় ভয়াবহ অ’গ্নিকাণ্ড!

চীনের শেনঝেন প্রদেশের পিংশান জেলায় দেশটির খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি-র একটি কারখানার বহুতল পার্কিং গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিওয়াইডি-র একটি উৎপাদন কেন্দ্রের ভেতরে অবস্থিত একটি বহুতল পার্কিং গ্যারেজে আগুন লাগে। আগুন পুরো ভবনটিকে গ্রাস করে ফেলে। এর ফলে আকাশে কালো ধোঁয়ার ঘন স্তম্ভ উঠতে থাকে।

আগুন নিয়ন্ত্রণে জরুরি তৎপরতা শুরু হয়। শেষ পর্যন্ত মা লুয়ান উপজেলায় অবস্থিত এই ‘ত্রিমাত্রিক’ পার্কিং অবকাঠামোর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয় দমকল ও উদ্ধারকারী দল।

স্থানীয় কর্তৃপক্ষ এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি দাবি করেছে, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি শুধুমাত্র পরীক্ষামূলক এবং বাতিল করা যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হত। সেখানে কোনো উৎপাদন বা গ্রাহকদের জন্য তৈরি গাড়ি ছিল না।

বিওয়াইডিও নিশ্চিত করেছে, অবকাঠামোটিতে পরীক্ষামূলক, যাচাইকরণ এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন রাখা ছিল এবং এই ঘটনায় সক্রিয় অ্যাসেম্বলি লাইন বা সরবরাহের জন্য প্রস্তুত তৈরি পণ্য ছিল না।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের ধারণ করা বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা যায়, বহুতল ভবনটির একটি দীর্ঘ অংশজুড়ে আগুন ছড়িয়ে পড়ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা দৃশ্যগুলোতে আশেপাশের শিল্পাঞ্চলের ওপর দিয়ে ঘন ধোঁয়া ভেসে যেতেও দেখা যায়। এ সময় দমকল গাড়ি এবং পুলিশ ইউনিটগুলোকে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটতে দেখা যায়। আরও দেখা যায়, একাধিক উদ্ধারকারী দল আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে এলাকাটি সুরক্ষিত করার জন্য কাজ করছে।

বাইরের নির্মাণকাজে ত্রুটির কারণে আগুন লেগেছিল বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমে উৎপাদিত যানবাহনে ব্যাটারি-সংক্রান্ত কোনো নিরাপত্তা ত্রুটির কথা অস্বীকার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই ঘটনাটি পিংশান প্ল্যান্টে বিওয়াইডি-র উৎপাদন কেন্দ্র বা চলমান উৎপাদনে কোনো প্রভাব ফেলেনি বলে জানানো হয়েছে। তবে আগুন লাগার চূড়ান্ত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যালোচনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *