কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের সঙ্গে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি নজরদারি না থাকলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার মতে, শক্তিশালী এআই প্রযুক্তি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হলে এক পর্যায়ে তা বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া সাক্ষাৎকারে গেটস বলেন, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেবল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে সরকার, আইনপ্রণেতা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও সক্রিয় ভূমিকা নিতে হবে।
গেটসের ভাষ্য, এআই কীভাবে ব্যবহার করা হবে এবং এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কী ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকবে, তা আইনগতভাবে নির্ধারণ করা প্রয়োজন। এ ধরনের বিধিনিষেধের ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কিছু বাড়তি ব্যয় ও প্রশাসনিক জটিলতা তৈরি হলেও এতে এআই উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে থেমে যাবে না বলে মনে করেন তিনি।
সাক্ষাৎকারে এআইয়ের অপব্যবহারের সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা। তিনি বলেন, অত্যাধুনিক এআই প্রযুক্তি যদি এমন কারও হাতে যায়, যার উদ্দেশ্য ক্ষতিকর, তাহলে এর ক্ষমতা ব্যাপক প্রাণহানির মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। এমনকি পরিস্থিতি চরম পর্যায়ে গেলে কোটি কোটি মানুষের জীবনও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।
এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে এর আগেও সতর্ক করেছেন বিল গেটস। গত আগস্টের শেষ দিকে প্রকাশিত প্রায় ছয় হাজার শব্দের একটি দীর্ঘ প্রবন্ধে তিনি মানবজাতির জন্য এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রযুক্তি খাতের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও এআইয়ের দ্রুত অগ্রগতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মধ্যে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কও রয়েছেন।
এদিকে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে মাইক্রোসফটের ব্যবসায়িক সম্পর্ক নিয়েও বিতর্ক রয়েছে। ‘নো অ্যাজুর ফর অ্যাপার্টহেইড’ নামে একটি অধিকারকামী সংগঠন মাইক্রোসফটকে এ সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, মাইক্রোসফটের প্রযুক্তি সামরিক কার্যক্রম এবং অভিবাসীদের ওপর নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এসব অভিযোগ ও মাইক্রোসফটের সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন পক্ষের অবস্থান এক নয়।
সাক্ষাৎকারের শেষদিকে এআই নিয়ে কিছুটা রসিকতাও করেন বিল গেটস। ব্যক্তিগত বিষয়ে এআইয়ের কাছ থেকে পরামর্শ নেন না জানিয়ে তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে তার কোনো সামাজিক সম্পর্কও নেই। পরে মজা করে গেটস বলেন, ‘এআই জানে, আমি অত্যন্ত গম্ভীর একজন মানুষ।’
