পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এপ্রিল মাসে বিশেষ ছুটির সুবিধা পাবেন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, যেমন- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সরকারি চাকরিজীবীরা চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে চাইলে অন্যান্য সরকারি চাকরিজীবীরাও এ সুযোগ নিতে পারেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল (সোমবার) তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
এর পরের দিন, ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। সপ্তাহের বুধ ও বৃহস্পতিবারের (১৫-১৬ এপ্রিল) দিনগুলো সঠিকভাবে ম্যানেজ করলে, পার্বত্য এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন। শুক্র ও শনিবার (১৭-১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটিও এ ছুটির সঙ্গে যুক্ত হবে।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ছিল। এরপর ২৪ মার্চ থেকে অফিস-আদালতে আবার স্বাভাবিক কর্মতৎপরতা শুরু হয়।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) একদিনের সরকারি ছুটি ছিল। পরের দুই দিন শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে টানা ৩ দিনের লম্বা ছুটি উপভোগের পর আবারও বড় ধরনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
