এবার বেসরকারি ব্যাংক নিয়োগে এলো বড় পরিবর্তন

বেসরকারি ব্যাংকে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া প্রবেশিকা পর্যায়ের (এন্ট্রি লেভেল) কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না। এ ছাড়া নিয়োগের পর শিক্ষাগত সনদ ও সার্টিফিকেট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা, করপোরেট সুশাসন ও গ্রাহকের আস্থা বাড়াতে এবং মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। জাল সনদ ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

যেসব এন্ট্রি পদের জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই—যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসার—সেসব পদে নিয়োগে শতভাগ স্বচ্ছতা ও সবার জন্য সমান আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরি খোঁজার প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের কমপক্ষে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।

এন্ট্রি পর্যায়ের পদে সশরীরে উপস্থিতি বা অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে নৈর্ব্যক্তিক কিংবা লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সবচেয়ে যোগ্য ও মেধাবী প্রার্থীদের নিয়োগ দিতে হবে।

এ ছাড়া অভিজ্ঞ প্রার্থীদের জন্য এন্ট্রি পদ ছাড়া অন্যান্য উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *