বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য দীর্ঘদিন ধরে স্থগিত রাখা অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া ফের চালু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল আদালতের এক আদেশের পর অভিবাসীদের ভিসা স্থগিতের রায় বাতিল করে নতুন ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন; এমন আবেদনকারীদের বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে গত জানুয়ারিতে এই ভিসা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ওই অভিবাসী ভিসার মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পাওয়া যায়। ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের (ক্লিনিক) এক মামলায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা বিচারক জিনেট ভার্গাস রায় দেওয়ার পর ২১ আগস্ট ওই নীতির বিলুপ্তি ঘটে।
