শিক্ষক-কর্মচারীদের জন্য এবার সরকারের যে কঠোর নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশির সহকারী পরিচালক কামরুন্নাহার রীমার সই করা এক চিঠিতে এ নির্দেশনা ফের জারি করা হয়।

চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসচেতনতা বা নির্দেশিকা অমান্য করার ঘটনা শুধু প্রশাসনিক শৃঙ্খলাই নষ্ট করে না, অনেক ক্ষেত্রে তা জাতীয় নিরাপত্তার জন্যও ক্ষতিকর হতে পারে।

নির্দেশনাটি মাউশির আওতাধীন সব দপ্তর, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক প্রশিক্ষণ কলেজ (টিটিসি), বেসরকারি কলেজ এবং জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের জন্য প্রযোজ্য। ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দায়িত্বশীলভাবে এবং সরকারি নির্দেশনা মেনে ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।
দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রেও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো দাপ্তরিক পেজ বা অ্যাকাউন্টের প্রোফাইল ছবি কিংবা ব্যানারে ব্যক্তিগত বা পারিবারিক ছবি ব্যবহার করা যাবে না। অ্যাকাউন্টের নাম ও লোগো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে হতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং নিয়মিত তা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বলা হয়েছে, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজকে দাপ্তরিক ওয়েবসাইটের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না। বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিংক ওই পেজে সংযুক্ত রাখতে হবে।

ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া কোনো পোস্ট, মন্তব্য, লাইক বা শেয়ারের মাধ্যমে যেন রাষ্ট্র, সরকার বা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *