শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির জন্য এক দিনের ছুটি!

এবার শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির জন্য আগামী ২৩ মে (শনিবার) ছুটির দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

এদিকে এক দিনের ছুটির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের হয়ে চার শিক্ষক নেতা এ আবেদন করেন।

আবেদনে তারা বলেছেন, তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অন্যান্য সরকারি ডিপার্টমেন্টের ন্যায় প্রতি তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পাওয়ার কথা থাকলেও ভ্যাকেশনাল ডিপার্টমেন্টের কারণে সময়মতো ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ছুটি না পাওয়ায় তারা যথাসময়ে ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হন।

আসন্ন কোরবানির ঈদের ছুটিতেও শিক্ষকরা একই সমস্যায় পড়তে যাচ্ছেন জানিয়ে তারা বলেন, শিশুদের শিখন-ঘাটতি পূরণে ১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ক্লাস চলমান রয়েছে। ঈদ-উল-আযহার ছুটি শুরু হচ্ছে ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১২ কর্মদিবস।

এর আগে ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) হিসেব করলে ১৫ দিনের ছুটি মেলানো সম্ভব হওয়ায় শিক্ষকরা শাস্তি বিনোদন ভাতা পেতে পারেন।

২৩ মে (শনিবার) বিদ্যালয় খোলা থাকায় হিসেবমতো মোট ছুটি ১৫ দিন না হওয়ায় শিক্ষকরা শ্রান্তি বিনোদন ভাতা থেকে এ বছরও বঞ্চিত হচ্ছেন জানিয়ে শিক্ষক নেতারা বলেন, এতে তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা পেতে শিক্ষকদের চার থেকে পাঁচ বছর লেগে যাবে। এ জন্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির বিষয়টি বিবেচনা করে ২৩ মে (শনিবার) প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *