ভারতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যের সাক্তি জেলায় একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিংঘিতারাই এলাকায় অবস্থিত বেদান্ত পরিচালিত তাপ বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ৯ জন নিহতের কথা জানালেও পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৩-তে পৌঁছায়।

পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রের বয়লার থেকে টারবাইনে উচ্চচাপের বাষ্প সরবরাহকারী একটি পাইপ বিস্ফোরিত হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রায় ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সাল থেকে উৎপাদনে রয়েছে। আহতদের পার্শ্ববর্তী রায়গড় ও বিলাসপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেদান্ত কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি তাদের সিংঘিতারাই প্ল্যান্টের একটি বয়লার ইউনিটে ঘটে, তবে ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল)। তারা বলেছে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোই এখন তাদের প্রধান অগ্রাধিকার।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *