ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবকিছু ঠিক থাকলে রোববার (১৫ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, “বিএনপির ভূমিধস বিজয় জনগণের ভালোবাসার প্রতিফলন। বিএনপি জনগণের দল। আমরা কখনো জনপ্রিয়তা হারাইনি, সবসময় জনগণের রাজনীতি করেছি।
জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি।” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের কথা জানিয়েছে। এদিকে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রথমে সরকারি গেজেটে প্রকাশ করতে হয় এবং সেই গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নিতে হয়।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শুক্রবারই ২৯৭টি আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল চূড়ান্ত হয়েছে এবং গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে আগেই ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
