লক্ষ্মীপুরের চকবাজারে ১৪৪ ধারা অমান্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে, লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা ঘোষণা করে প্রশাসন। লক্ষ্মীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ নির্দেশনা জারি করেন।
পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায় ও দুই পক্ষে দুইজন আহত হয়।
এর জের ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ছাত্রদলের নেতাকর্মীরাও জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। এ প্রেক্ষিতে পৌর শহরে উপজেলা প্রশাসন বিকেল সাড়ে ৪টায় থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
হাতাহাতির ঘটনায় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে পুলিশ আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। বিকেল থেকে চকবাজারে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।
জেলা ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহীম হোসেন বলেন, ‘এখানে ছাত্রদলের কোনো প্রোগ্রাম ছিল না। জুলাই ফাইটার্সের প্রোগ্রাম ছিল। তবে ঘটনার বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে আগ্রহী নই।’
জানার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের সদস্য সচিব সাহেদুর রহমান রাফিনের মুঠোফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী নিশ্চিত করে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করে দু’পক্ষকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কেউ আটক নেই।’
