একদিনে মিললো দুই মরদেহ

সাভারে পৃথক দুই স্থানে এক ট্রাক চালককে জবাই করে হত্যা করা লাশ এবং এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সাভারের পৃথক দুই স্থান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দুপুরে সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার কান্দারচর আনন্দনগর হাউজিংয়ের ফাঁকা জমি থেকে স্থানীয়রা এক যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম মো মেহেদুল ইসলাম (৩৪)। তিনি ঝিনাইদহ জেলার চরমুরারীদহ গ্রামের আব্দুল সাত্তার মন্ডলের ছেলে এবং পেশায় ট্রাক চালক ও ঝিনাইদহ ট্রাক মালিক সমিতির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি নীল চেক শার্ট, কালো প্যান্ট, কালো জুতা ও কালো বেল্ট পরিহিত ছিলেন।

অপরদিকে সোমবার বিকেল প্রায় ৪টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র (বিপিএটিসি) সংলগ্ন এলাকায় একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। উদ্ধার করা মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *