২৭০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবি

পূর্ব ভূমধ্যসাগর লাগোয়া সাইপ্রাসের উত্তর উপকূলের কাছে প্রায় ২৭০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে। রোববার অভিবাসীদের নিয়ে যাত্রা শুরুর পর সাইপ্রাস উপকূলের কাছে যাত্রীবাহী ওই নৌকা উল্টে যায়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

তুরস্ক ও সাইপ্রাসের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে নৌকাডুবির স্থানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। সাইপ্রাসের কাইরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল সম্প্রচারমাধ্যম সিএনএন তুর্ককে বলেছেন, নৌকায় থাকা ২৫৮ জন যাত্রীর মাঝে ১৫৯ জনের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।

সাইপ্রাসের স্থানীয় সংবাদমাধ্যম কিব্রিসের প্রতিবেদনে বলা হয়েছে, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে থাকা অবস্থায় নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। পরে সেটি উল্টে যাওয়ায় যাত্রীরা সমুদ্রে ভাসতে থাকেন। নৌকাডুবির খবর পাওয়ার পর সেখানে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।News

দেশটির স্থানীয় সরকার বলেছে, বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই যাত্রীবাহী নৌকাটি উত্তর সাইপ্রাস উপকূলে উল্টে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিভাজিত সাইপ্রাস দ্বীপের এক-তৃতীয়াংশ শাসনকারী তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সূত্র: রয়টার্স, এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *