চলতি বছরের আট মাস প্রায় শেষ। বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরও পাঁচ দিন সরকারি ছুটি। এর মধ্যে একটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। তবে এক দিন ছুটি নিলে অক্টোবরে টানা পাঁচ দিন এবং ডিসেম্বরে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে।সরকারি সেবা খুঁজুন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন, সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
২৭ আগস্ট পর্যন্ত বছরের অধিকাংশ সরকারি ছুটি শেষ হয়েছে। এখন বাকি রয়েছে পাঁচটি সরকারি ছুটি। আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ জন্য অতিরিক্ত কোনো ছুটি পাওয়া যাবে না।
অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি কাটানো সম্ভব হবে।
বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুই দিন সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় বড়দিনের ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে।
তবে ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিন ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
