তবে কী আজ হবে পে স্কেল ঘোষণা?

সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় আলোচনায় উঠতে পারে নবম বেতন কাঠামোর সুপারিশ। মন্ত্রিসভায় অনুমোদন পেলেই আসবে ঘোষণা। ইতিমধ্যে এ সংক্রান্ত সচিব কমিটি খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে। খসড়া অনুসারে, চলতি বছরের জুলাই থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা

হবে এবং ধাপে ধাপে এর বাস্তবায়ন ২০২৮ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হওয়ার কথা। অর্থ বিভাগ ২৬ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে নবম পে-স্কেল সম্পর্কে অবহিত করে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে।

আজ সোমবার সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন। সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে-স্কেল করা হয়েছে, সেটা অনেকটাই চূড়ান্তের পথে।

এর আগে গতকাল রবিবারও একই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি জানান, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে এ বছরের ২১ জানুয়ারি। কমিশন প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। বিদ্যমান গ্রেড ২০টি বহাল রেখে কমিশন বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে জাকির আহমেদ খান কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *