রোববার শুরু হচ্ছে অনলাইন ক্লাস, যে নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয়

অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে রোববার (১২ এপ্রিল)। ওই দিন বৈসাবি উৎসব উপলক্ষে সরকারি প্রাথমিক ও সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কলেজ শাখার শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য জোর করা হচ্ছে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে, তারা নিজস্ব উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

চালু হচ্ছে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে
সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, জ্বালানি সংকট মোকাবিলায় কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। বাকি তিনদিন অফলাইনে ক্লাস হবে। প্রথমে ঢাকার কিছু প্রতিষ্ঠান এ পদ্ধতি চালু করবে।

তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ এবং গাজীপুরের একটি মাদরাসায় এ পদ্ধতি চালু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন।

শনিবার (১১ এপ্রিল) রাত পর্যন্ত খোঁজ নিয়ে শুধু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালুর নোটিশ দেওয়ার খবর পাওয়া গেছে। রোববার থেকে প্রতিষ্ঠানটি কলেজ শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেবে। দুটি পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১২ এপ্রিল থেকে তিনদিন (শনি, সোম ও বুধবার) অফলাইনে বা সশরীরে এবং তিনদিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) অনলাইনে ক্লাস নেওয়া হবে। অনলাইনে ক্লাসের রুটিন এবং ক্লাসে যুক্ত হওয়ার লিংক স্ব স্ব শ্রেণি শিক্ষকের মাধ্যমে ক্লাসের গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১২ এপ্রিল থেকে অনলাইনে ক্লাস চালু হওয়ার কারণে দ্বাদশ শ্রেণির প্রথমপত্রের নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষা ১৩ এপ্রিল (সোমবার) পূর্ব-নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *