পদত্যাগ নিয়ে যা বললেন ‘ইশরাক’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—গণমাধ্যমে এমন খবরকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে দাবি করা হয়েছে তাঁর পক্ষ থেকে।
রোববার (১৮ অক্টোবর) রাতে তার অফিশিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার যে খবর ছড়িয়েছে, তার কোনো ভিত্তি নেই।

বিবৃতিতে দাবি করা হয়, ইশরাক তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে ইশরাকের অংশ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পরই তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

তবে ইশরাকের পক্ষ থেকে বলা হয়েছে, ওই অভিযানে উদ্ভূত পরিস্থিতিতে তিনি কেবল আত্মরক্ষার জন্য আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শন করেছিলেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী আগেই তাঁর অবস্থান পরিষ্কার করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পদত্যাগের খবর প্রচার করে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত খবর প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *