এখন পর্যন্ত ৬ জনের মৃ’ত্যু, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে একটি আবাসিক ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সঙ্গে ভারি বর্ষণে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মুম্বাইয়ের পূর্বাঞ্চলে জরাজীর্ণ একটি আবাসিক ভবন রবিবার ধসে পড়ে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। মুম্বাইয়ের মেয়র রিতু তাওদে এ তথ্য নিশ্চিত করেছেন। ভারি বৃষ্টির কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবারের জন্য শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

আবহাওয়া বিভাগ আরো ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। জলাবদ্ধতার কারণে মুম্বাইয়ের সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

মেয়র রিতু তাওদে নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, প্রবল বাতাসে গাছ বা ডালপালা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।

ভারতের কৃষি ও শিল্প খাতের জন্য মৌসুমি বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে এবং দেশটিতে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। এ বছর এল নিনো প্রভাবের কারণে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

২০ মিলিয়নের বেশি মানুষের এই শহর সম্প্রতি তীব্র গরম ও পানির সংকটেরও মুখোমুখি হয়েছে। গত মাসে কর্তৃপক্ষ পানি ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল এবং সুইমিং পুল ও নির্মাণকাজে পানি সরবরাহ কমিয়ে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *